
নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলা কারাগারে অসুস্থ হয়ে আরিফ (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। কারাগারে প্রায় ২০ দিন থাকার পর তার মৃত্যু হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শ্বাসকষ্টজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ বগুড়া সদর উপজেলার গোদাপাড়া এলাকার বুলবুলের ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, আরিফের বিরুদ্ধে বগুড়া সদর থানার জি.আর. নং-৩৭০/২৫ মূলে দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা রয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন। তার হাজতি নম্বর-৫০১৬/২৬।
গত ৯ জুলাই তাকে বগুড়া জেলা কারাগারে আনা হয়। বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে রাত আড়াইটার দিকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যু সনদ অনুযায়ী, হঠাৎ হৃদ্যন্ত্রের স্পন্দন বন্ধ হয়ে যাওয়ায় (কার্ডিয়াক অ্যারেস্ট) তার মৃত্যু হয়েছে।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার মো. আসাদুর রহমান বলেন, শ্বাসকষ্টজনিত কারণে আরিফ অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃতের মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এরপর বুধবার বিকেল ৫টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তবে কোন মামলায় আরিফকে কারাগারে রাখা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি জেল সুপার।