বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন: প্রতিমন্ত্রী

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, জেলার সাতটি সংসদীয় আসনে সমানভাবে এসব উন্নয়ন প্রকল্পের বরাদ্দ বণ্টন করা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বগুড়া করতোয়া কনভেনশন সেন্টারে বগুড়ার একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বিলটি পাস হলে বগুড়ায় নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। বগুড়ার সুনাম ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা যাবে না। জেলার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বগুড়া সফর প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে অথবা মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী বগুড়ায় আসবেন। এ সফরে করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন তিনি। বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন। জেলার উন্নয়ন ঘাটতি পূরণে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বগুড়ার মানুষকে প্রধানমন্ত্রী হৃদয়ে ধারণ করেন।

উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের ধৈর্য খুব কম, আমরা অনেক সময় অস্থির হয়ে পড়ি। কিন্তু উন্নয়ন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। উন্নয়ন একসময় বগুড়ার মানুষকে খুঁজে নেবে।’

বগুড়ার সাংবাদিকতার ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, বগুড়া বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে একটি অনন্য অবস্থান তৈরি করেছে। সাংবাদিকতায় এ জেলা অত্যন্ত সমৃদ্ধ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির প্রকাশক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক বগুড়া এখনো মাথা উঁচু করে প্রকাশনা অব্যাহত রেখেছে। বগুড়ার উন্নয়নে ঐকমত্যের কোনো বিকল্প নেই। সামান্য বিষয় নিয়ে বিভক্ত হয়ে নিজেদের মধ্যেই জেলার উন্নয়ন বাধাগ্রস্ত করা হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে এসে বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসানাত আলী, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button