
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় সান্তাহার পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার খ-সার্কেলের একটি দল অংশ নেয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে সান্তাহার পৌর শহরের বাসিন্দা বাবু মণ্ডলের ছেলে সোহাগ এবং আব্বাস আলীর ছেলে গোলাম রব্বানীকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ-সার্কেলের পরিদর্শক আসলাম মণ্ডল জানান, দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।