
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় একটি বেসরকারি ক্লিনিকে বিভিন্ন অনিয়ম এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর নিবন্ধন ছাড়া চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন জানান, বুধবার (৩০ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে কোনো ডিউটি চিকিৎসক ও প্রয়োজনীয় নিবন্ধিত নার্স উপস্থিত ছিলেন না। এছাড়া ক্লিনিকের পরিবেশ সন্তোষজনক ছিল না এবং ল্যাবরেটরির পরীক্ষার রিপোর্ট সংরক্ষণের প্রয়োজনীয় রেকর্ডও পাওয়া যায়নি। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
একই অভিযানে এনামুল হক নামে এক ব্যক্তি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই এলোপ্যাথিক চিকিৎসাসেবা প্রদান, অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব এবং বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এবং পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।