
বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। নিহত অপর তিনজন পিকআপের চালক, হেলপার ও একজন মাছ ব্যবসায়ী বলে জানা গেলেও তাঁদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে একটি পিকআপে মাছ নিয়ে কয়েকজন ব্যবসায়ী নওগাঁ গিয়েছিলেন। ফেরার পথে কাজীপাড়া এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নওগাঁগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক, হেলপার ও দুই মাছ ব্যবসীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। খবর পেয়ে কাহালু থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন এবং নিহতদের মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, নিহত লুৎফর রহমানের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পাশাপাশি নিহত অপর তিনজনের পরিচয় শনাক্তের কাজও অব্যাহত রয়েছে।