
বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে পাথরবোঝাই একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-গামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চাঁদকুড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে মাছুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে নয়ন (৩৮)।
পুলিশ জানায়, ঢাকা অভিমুখে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ছোনকা এলাকায় পৌঁছালে সামনে থাকা পাথরবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হন বাসের আরও কয়েকজন যাত্রী।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ ও উদ্ধারকারী দলের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানো বা নিরাপদ দূরত্ব বজায় না রাখার কারণে বাসটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। অতিরিক্ত গতির কারণে বাসের সামনের অংশে থাকা দুই যাত্রী গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, সোমবার সকালে নিহত দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


