বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় চালক মিলন হত্যা মামলায় কাশেম ও সাজু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় র‌্যাব-১২’র পৃথক অভিযানে সিরাজগঞ্জের তাড়াশে সিএনজি চালক মিলন মিয়া হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আবুল কাশেম প্রামাণিক (৫০) ও মোঃ রেজাউল করিম ওরফে সাজু (৪৮)।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল গত ৩১ আগস্ট রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী ২য় বাইপাস এলাকায় অভিযান চালিয়ে মোঃ আবুল কাশেম প্রামাণিককে গ্রেফতার করে। তিনি শাজাহানপুর উপজেলার শাকপালা পশ্চিমপাড়া এলাকার আফসার আলী প্রামাণিকের ছেলে।

অপরদিকে, একই মামলার তদন্তে পাওয়া ২ নম্বর পলাতক আসামি মোঃ রেজাউল করিম ওরফে সাজুকে ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ১০ মিনিটে শাজাহানপুর উপজেলার ফুলদিঘী মধ্যপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার নজমুল হোসেনের ছেলে।

বগুড়া র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার ও স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানায়, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় গত ৭ আগস্ট মামলা করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মিলন মিয়া গত ২ আগস্ট সকাল আনুমানিক ৮টার দিকে জামিলনগর (জিন্নাহ মোড়) এলাকার ভাড়া বাসা থেকে প্রতিদিনের মতো সিএনজি নিয়ে বগুড়া চারমাথা সিএনজি স্ট্যান্ডের উদ্দেশ্যে বের হন। কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি।

এ সময় তার স্ত্রী একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোনটি বন্ধ পান। পরে পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

খোঁজাখুঁজির একপর্যায়ে ৭ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ফেসবুকের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাড়াশ উপজেলার রানীদিঘী মৌজার তাড়াশ-রাণীরহাটগামী পাকা সড়কের পশ্চিম পাশে বেড়খালী নামক স্থানে একটি ডোবার কচুরিপানাযুক্ত পানিতে এক ব্যক্তির মরদেহ ভাসছে।

সংবাদ পেয়ে ভিকটিমের স্ত্রী দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখে তার স্বামী মিলন মিয়া হিসেবে শনাক্ত করেন। পরে তিনি বাদী হয়ে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ার পর কাশেম ও সাজুকে পলাতক আসামি হিসেবে শনাক্ত করে র‌্যাব। পরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button