
বগুড়ার আদমদীঘি উপজেলায় তিন কেজি গাঁজাসহ পারুল বেগম (৫৬) ও রুপালী বেগম (৪০) নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃত দুই নারীকে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, মঙ্গলবার সন্ধ্যার আগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর এলাকা থেকে মাদকের একটি চালান আদমদীঘির সান্তাহারের উদ্দেশে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানকারী দল আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম-ইসবপুর এলাকায় আব্দুস ছালামের মুদির দোকানের পাশে অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে। একপর্যায়ে নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়।
এ সময় যাত্রীবেশে থাকা দিনাজপুরের হাকিমপুর উপজেলার মংলা বাজার এলাকার আব্দুল করিমের স্ত্রী পারুল বেগম এবং একই উপজেলার ঘাসুড়িয়া গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী রুপালী বেগমের কাছ থেকে বিশেষ কায়দায় কোমরে বাঁধা পলিথিনে মোড়ানো তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বাদী হয়ে পারুল বেগম ও রুপালী বেগমকে আসামি করে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজাসহ গ্রেপ্তার দুই নারীকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।


