
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাইমদসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
আটক তিনজন হলেন, আদমদীঘি উপজেলার আমবাড়িয়া গ্রামের পোল্লাদ চন্দ্র বর্মনের ছেলে পাবন চন্দ্র বর্মন (৩৫), একই গ্রামের কার্তিক চন্দ্র বর্মনের ছেলে দিলীপ চন্দ্র বর্মন (৫৫), এবং আদমদীঘি উপজেলার ইসবপুর গ্রামের মৃত জতীন পাহানের ছেলে পিন্টু পাহান (৩৮)।
অভিযান পরিচালনাকালে তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদের মধ্যে একজনকে ৩ মাস ১০ দিনের, একজনকে ২০ দিনের এবং অপরজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে দুইজনকে ১০০ টাকা করে এবং অপর একজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে উদ্ধার করা মাদকদ্রব্যের আলামত ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।



