বগুড়া জেলাশেরপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় দুই বেকারি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, অন্য প্রতিষ্ঠানের নামে পণ্য মোড়কজাত এবং মোড়কে সঠিক ঠিকানা ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেকারি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার খন্দকার টোলা ও বাগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে খন্দকার টোলা এলাকার “আল-মদিনা বেকারিকে ২০ হাজার টাকা” এবং বাগড়া এলাকার “মায়ের দোয়া বেকারিকে” ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জানা গেছে, বেকারি দুটির কারখানায় খাদ্যপণ্য তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার যথাযথ ব্যবস্থা পাওয়া যায়নি। কারখানার পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। এছাড়া উৎপাদিত খাদ্যপণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ যথাযথভাবে উল্লেখ না করা, অন্য প্রতিষ্ঠানের নামে পণ্য মোড়কজাত করা এবং মোড়কে সঠিক ঠিকানা ব্যবহার না করার মতো অনিয়মও পাওয়া যায়।

এ ছাড়া কারখানার ভেতরে টয়লেট ব্যবহারের বিষয়টিও অভিযানে উঠে আসে। খাদ্যপণ্য উৎপাদনের স্থানে এ ধরনের অপরিচ্ছন্নতা ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে বলে সংশ্লিষ্টরা জানান।

পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ও প্রচলিত বিধি-বিধান অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করে আইন ও বিধি মেনে কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানটি মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার। অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।

এই বিভাগের অন্য খবর

Back to top button