গাবতলী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা, রংপুরের চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলীতে কবিরাজি চিকিৎসার নামে এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রংপুরের একটি পেশাদার প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রংপুরের বদরগঞ্জ থানার কাজীপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রংপুরের বদরগঞ্জ উপজেলার কাজীপাড়া এলাকার মোঃ আবু সায়েদ ছেলে মোঃ শামসুল সরকার ওরফে মন্ত্রী (৩৩), একই এলাকার মোঃ এনামুল হকের ছেলে মোঃ নুরনবী ইসলাম ওরফে নয়ন (২৭), এবং মোঃ আমিনুল ইসলামের ছেলে মোঃ শামসুল আলম (২৬)।

পুলিশ জানায়, এক মাস আগে অজ্ঞাতনামা দুই ব্যক্তি মাদ্রাসার জন্য পবিত্র কোরআন শরিফ দানের কথা বলে গাবতলীর নারুয়ামালা ইউনিয়নের হাপানিয়া গ্রামের বাসিন্দা কনিকা আক্তারের বাড়িতে যান। এ সময় কোরআন শরিফ কেনার কথা বলে তাঁর কাছ থেকে ৫০০ টাকা নেন তাঁরা। পরে ওই দুই ব্যক্তি আরও দুজনকে সঙ্গে নিয়ে কনিকার বাড়িতে গিয়ে মাদ্রাসার ছাত্রদের পোশাক কেনার কথা বলে আরও ২ হাজার ১০০ টাকা নেন।

পুলিশ আরও জানান, গত ৮ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে চার ব্যক্তি কনিকার বাড়িতে গিয়ে তাঁকে অসুস্থ দাবি করে কবিরাজি চিকিৎসা শুরু করেন। প্রথমে তেলপড়া দিয়ে শরীরে মালিশ করতে বলা হয়। এরপর ঘরের ভেতর গোলাপজল ছিটিয়ে তাঁকে স্বর্ণালংকার বের করতে বলা হয়। একপর্যায়ে কনিকা অসুস্থ হয়ে পড়লে তাঁর কাছ থেকে স্বর্ণালংকার নিয়ে নেন প্রতারকরা।

পরে প্রতারকরা তাঁকে বলেন, সাত দিনের আগে স্বর্ণালংকারগুলো দেখা যাবে না। এর আগে গহনা দেখতে গেলে কবিরাজি চিকিৎসা কাজে আসবে না এবং তাঁর সংসারে ক্ষতি হবে। এ সময় চিকিৎসার খরচ বাবদ কনিকার কাছ থেকে আরও ১০ হাজার টাকা নেওয়া হয়।

বগুড়ার গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিব হোসেন বলেন, এ ঘটনায় কনিকা আক্তার গত ১৪ সেপ্টেম্বর বাদী হয়ে মামলা করলে তদন্তে নামে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুরের বদরগঞ্জের কাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি পেশাদার প্রতারক চক্রের সদস্য। তাঁরা বিভিন্ন জেলায় গিয়ে মসজিদ ও মাদ্রাসার জন্য দানের কথা বলে মানুষের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিতেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তাঁরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় রংপুরের বদরগঞ্জ উপজেলার কাজীপাড়া এলাকার মোঃ আবু সায়েদ ছেলে মোঃ শামসুল সরকার ওরফে মন্ত্রী ছোট ভাই মোঃ শাহীন আলম প্রতারক চক্রের মূল হোতা। তবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button