বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে আনসার ও ভিডিপি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমির নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা প্রশিক্ষক আরিফা খাতুন, পিসি, এপিসি ও আনসার সদস্যদের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় আদমদীঘি বাসস্ট্যান্ড চত্বর, সান্তাহার রেলওয়ে স্টেশন এবং বিভিন্ন স্কুল-কলেজের আশপাশে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ ছাড়া বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি নালা, ডোবা ও ড্রেনে ফগ মেশিনের মাধ্যমে মশক নিধন স্প্রে করা হয়। মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হয়।
আয়োজকেরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আশপাশে পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।



