
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার মোকামতলায় বাস, দুটি কাভার্ড ভ্যান ও একটি মাইক্রোবাসের চতুর্মুখী সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রহবল এলাকার মধুপুর স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, রংপুর থেকে বগুড়ার দিকে একটি মাইক্রোবাস, একটি কাভার্ড ভ্যান ও ‘ফাইভ স্টার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস একই দিকে যাচ্ছিল। বহরের সামনে থাকা মাইক্রোবাসটির একটি চাকা হঠাৎ ফেটে যায়। এ সময় পেছনে থাকা বাসটি সামনের কাভার্ড ভ্যানকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার ফলে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে উল্টে বিপরীত লেনে গিয়ে পড়ে। সেখানে বগুড়া দিক থেকে আসা অপর একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। একই সময়ে ধাক্কা দেওয়া বাসটি মাইক্রোবাসটির পেছনে গিয়ে আঘাত করে।
এতে দুটি কাভার্ড ভ্যান ও বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রইচ উদ্দিন জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও দুটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



