
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা। জব্দ করা এসব জালের দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৭৫০ ফুট।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নশরতপুর ইউনিয়নের একটি খালসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে জালগুলো নশরতপুর ইউনিয়ন পরিষদ ভবনে নিয়ে আসা হয়।
দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা ৩৫টি চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান ও জাল ধ্বংসের সময় নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইউপি সদস্যসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহারের কারণে খাল-বিল ও জলাশয়ের বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা ও জলজ প্রাণী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।



