
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে বেসরকারি উন্নয়ন সংস্থা বেডোর শাখা ব্যবস্থাপকের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় শাখা ব্যবস্থাপককে রক্ষা করতে এগিয়ে আসা এক কর্মীকেও মারধর করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বানিয়াগাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাখা ব্যবস্থাপক সম্রাটকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বেডোর আদমদীঘি এলাকার ব্যবস্থাপক আনিসুর রহমান জানান, সোমবার সকালে বেডোর দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক সম্রাট ও কর্মী শিবলু মিয়া আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম এলাকার বিভিন্ন সদস্য ও ঋণগ্রহীতার কাছ থেকে নিয়মিত মাসিক কিস্তির টাকা আদায় করেন। কিস্তির টাকা আদায় শেষে একটি ব্যাগে প্রায় ৫ লাখ টাকা নিয়ে তারা মোটরসাইকেলে করে বানিয়াগাড়ী দক্ষিণপাড়া এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলেন।
এ সময় কয়েকজন ব্যক্তি তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন। অভিযোগ রয়েছে, সিদ্দিক শেখ ও ইদ্রিস শেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন ব্যক্তি শাখা ব্যবস্থাপক সম্রাটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত ও জখম করেন। তাকে রক্ষা করতে সহকর্মী শিবলু মিয়া এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
পরে হামলাকারীরা তাদের কাছে থাকা কিস্তি আদায়ের প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারের দাবিতে বেডোর আদমদীঘি এলাকার ব্যবস্থাপক আনিসুর রহমান বাদী হয়ে আদমদীঘি থানায় একটি এজাহার দিয়েছেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এনজিও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা করার বিষয়ে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



