
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে স্বামীর বাসা থেকে নিখোঁজ হওয়ার ১০ দিন পরও সন্ধান মেলেনি অন্তরা খাতুন (১৯) নামের এক গৃহবধূর। এ ঘটনায় তার স্বামী রেজাউল ইসলাম আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। স্ত্রীকে খুঁজে না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন স্বামীসহ পরিবারের সদস্যরা।
পুলিশ জানিয়েছে, উপজেলার সান্তাহার রথবাড়ী মহল্লার রেজাউল ইসলামের স্ত্রী অন্তরা খাতুন গত ১৫ সেপ্টেম্বর বিকালে স্বামীর বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি।
অন্তরা নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে গত ২১ সেপ্টেম্বর তার স্বামী রেজাউল ইসলাম আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি করেন।
এদিকে নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও অন্তরার সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। তিনি স্বেচ্ছায় কোথাও চলে গেছেন, নাকি অন্য কোনো কারণে নিখোঁজ হয়েছেন এ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, অন্তরা খাতুন নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।



