বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় জমি থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) সকালে বগুড়া সদর উপজেলার ছোট বেলাইল ঈদগাহ মাঠসংলগ্ন বিশ্বরোড এলাকার একটি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাজ্জাদ আলী জেলার শাজাহানপুর উপজেলার আবেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মাছ শিকারের উদ্দেশে ওই এলাকায় গিয়েছিলেন সাজ্জাদ। বুধবার সকালে জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থল থেকে মাছ ধরার ফালি, একটি ব্যাগে কিছু মাছ ও একটি টর্চলাইট আলামত হিসেবে উদ্ধার করা হয়। এসব আলামতের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ শিকার করতে গিয়ে কোনো দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল দেখে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button