
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলায় নিখোঁজের চার দিন পর ধানক্ষেত থেকে পাঁচ বছর বয়সী শিশু ইউসুফ আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বালুয়া ইউনিয়নের বড়বালুয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু মো: ইউসুফ আলী (৫) বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাবালা গ্রামের মো: উজ্জ্বল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, গত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের বড়বালুয়া এলাকা থেকে নিখোঁজ হয় শিশু ইউসুফ। এরপর থেকে তার পরিবারের সদস্যরা তাকে খুঁজে বেড়াচ্ছিলেন।
অবশেষে বুধবার দুপুরে বড়বালুয়া গ্রামের একটি ধানক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে সোনাতলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন জানান, শিশুটির মৃত্যুর কারণ এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



