
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) শহরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন জেলা যুবদলের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে জেলা যুবদলের ২৫টি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ ও শোভাযাত্রাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
তিনি বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। জনগণের আস্থা অর্জনের জন্য নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ, সাংগঠনিক শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বজায় রাখতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চান, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও খায়রুল বাসার।
এ ছাড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমসহ জেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।



