
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আবুল হোসেন (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ২টা ৫০ মিনিটে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক আবুল হোসেনের বাড়ি গাইবান্ধা সদর থানার দক্ষিণ গিদারী কমলার বাজার এলাকার মৃত নবাব আলীর ছেলে।
বগুড়া শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, এসআই বিকাশ চক্রবর্তীসহ পুলিশের একটি দল মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে গাড়ীদহ ইউনিয়নের দশমাইল এলাকায় সোনালী ব্যাংক পিএলসি, পল্লী উন্নয়ন একাডেমি শাখার কাছে ঢাকা-বগুড়াগামী মহাসড়কের পশ্চিম পাশে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
পরে চট্টগ্রাম থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জগামী ‘জান্নাত এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের বাম পাশের ই-২ নম্বর আসনে বসা যাত্রী আবুল হোসেনের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলো মঙ্গলবার বিধি অনুযায়ী জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়। পরে শেরপুর থানায় ফিরে এসআই বিকাশ চক্রবর্তী এ ঘটনায় এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



