আদমদিঘী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে হত্যা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে নিয়ে যাওয়ার পথে সোলায়মান আলী (৬৫) নামে এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে সান্তাহার পৌরসভার হেমুতখালী-খয়রাবাদ এলাকার মাঝামাঝি একটি পরিত্যক্ত ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৫ নভেম্বর) দুপুরে তাঁর মৃত্যু হয়।

নিহত সোলায়মান আলী বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার বশিপুর সরদারপাড়া মহল্লার মৃত ওসমান আলীর ছেলে। তিনি সান্তাহার লোকো পূর্ব কলোনির রেলওয়ে কোয়ার্টারে বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, শনিবার রাত ৯টার দিকে তিন ব্যক্তি যাত্রীবেশে সান্তাহার পৌর শহরের রিকশাস্ট্যান্ড থেকে সোলায়মান আলীর অটোরিকশা ভাড়া করেন। পরে তাঁরা নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রামের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে হেমুতখালী এলাকা পার হয়ে খয়রাবাদ গ্রামের সামনে একটি পরিত্যক্ত ইটভাটার কাছে পৌঁছালে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা চালকের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে অটোরিকশাটি ফেলে রেখে পালিয়ে যায় তারা।

এ সময় সোলায়মান আলীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের কাছেই সোলায়মান আলীর অটোরিকশাটি অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে নওগাঁ সদর থানা পুলিশ অটোরিকশাটি নিজেদের হেফাজতে নেয়। অটোরিকশা অক্ষত অবস্থায় পড়ে থাকার বিষয়টি হত্যাকাণ্ডের উদ্দেশ্য নিয়ে রহস্য তৈরি করেছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা, নাকি পূর্বপরিকল্পিত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেটা পুলিশ তদন্ত করছে।

স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশও হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে।

খবর পেয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ি ও নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলটি বগুড়ার আদমদীঘি উপজেলার শেষ সীমানার কাছাকাছি হলেও প্রশাসনিকভাবে নওগাঁ সদর থানার আওতাধীন। এ কারণে নওগাঁ সদর থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিজান জানান, খবর পেয়ে সান্তাহার পুলিশ ও নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল নওগাঁ সদর থানার আওতাধীন হওয়ায় সেখানকার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button