বগুড়ার দুপচাঁচিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাখাওয়াত হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় খলিল সরদার নামে অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মাঠেরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত হোসেন দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোড়াপাড়া এলাকার মৃত তনির শাহের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, বুধবার সকালে দুপচাঁচিয়া এলাকায় দুধ বিক্রি করে ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন সাখাওয়াত হোসেন। পথে মাঠেরপুকুর এলাকায় পৌঁছালে আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি বাসের সঙ্গে তাঁর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাখাওয়াত ও তাঁর সঙ্গে থাকা খলিল সরদার গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত খলিল সরদারকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



