
নিজস্ব প্রতিবেদক: ছেলেকে হারানোর শোক কাটতে না কাটতেই পরিবারের জীবিকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন ইয়াসমিন খাতুন। স্বামীকে হারানোর পর একমাত্র ছেলেকে ঘিরেই ছিল তাঁর বেঁচে থাকার স্বপ্ন। কিন্তু দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সেই ছেলেকেও হারাতে হয়েছে তাঁকে। এমন কঠিন পরিস্থিতিতে অসহায় এই মায়ের পাশে দাঁড়িয়েছে বগুড়া সিটি করপোরেশন। নিহত স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিবের মা ইয়াসমিন খাতুনকে চাকরি দিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বগুড়া নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ইয়াসমিন খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। আগামী ১ ডিসেম্বর থেকে তাঁর চাকরিতে যোগ দেওয়ার কথা রয়েছে।
ইয়াসমিন খাতুন বগুড়া সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা। তাঁর ছেলে মনিরুল ইসলাম গালিব (১৫) বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানাগেছে, স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে ছেলেকে পড়াশোনা করাচ্ছিলেন ইয়াসমিন। পরিবারের একমাত্র অবলম্বন ছিল গালিব। কিন্তু গত ১৯ নভেম্বর রাতে বগুড়া শহরের খান্দার এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত হয় সে। পরদিন ২০ নভেম্বর সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় খান্দার এলাকার পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিল গালিব। এ সময় তার ধূমপানের দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি করা হয়। এ নিয়ে বিরোধের একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ২২ নভেম্বর বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এ সময় সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি গালিবের মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন। সেই আশ্বাসের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইয়াসমিন খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, নিহত গালিবের পরিবারের পাশে দাঁড়ানো তাঁদের মানবিক দায়িত্ব। তাঁর মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করে পরিবারটির পাশে থাকার চেষ্টা করেছেন তাঁরা। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে বগুড়া সিটি করপোরেশন থাকবে।
তিনি আরও জানান, ইয়াসমিন খাতুনের শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করেই তাঁর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে গালিব হত্যা মামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপও নেওয়া হয়েছে। মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবদলের শহর শাখার সহসাংগঠনিক সম্পাদক আল আমিন জনকে দলীয় পদসহ সব পর্যায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
চাকরির নিয়োগপত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইয়াসমিন খাতুন। তিনি কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে নতুন চাকরি পেলেও ছেলেকে হারানোর বেদনা ভুলতে পারছেন না তিনি। তাঁর প্রত্যাশা, গালিব হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।
নিয়োগপত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামান।



