সহযোগিতার মানসিকতা নিয়ে অসহায়দের পাশে দাঁড়ানোই রাবির সাবেক শিক্ষার্থীদের মূল লক্ষ্য: শফিক

“ধরণীর বুকে চিহ্ন রেখে যাবো মানব কল্যাণে” এই স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তাবিত সংগঠন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার বগুড়া এর প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, দেশের সকল সংকটে সহযোগিতার মানষিকতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মূল লক্ষ্য। এলাকার উন্নয়নেও আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশে করোনা মহামারি চলছে। এসময় আমাদের সবাইকে আত্ম মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়নে এই সংগঠন থেকে মানবতার সেবায় কাজ করতে আমরা অঙ্গিকারবদ্ধ।
বগুড়া শেরপুরের জামুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুজাউদ্দৌলা সুজার সভাপতিত্বে ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. বেলাল হোসেন, রুপালী ব্যাংক লিঃ এর ডিজিএম প্রকাশ কুমার সাহা, আইসিবি এজিএম হাসিনুর রহমান, নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, নুনগোলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুলতান আহম্মেদ, শেরপুর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আলমগীর, বদলগাছী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ কিবরিয়া সরদার, শহীদ দানেশ উদ্দিন কলেজের প্রফেসর নজরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে সিদ্ধান্ত হয় যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলমান ও প্রাক্তন সকল ছাত্র ছাত্রীবৃন্দ এই সংগঠনের সদস্য হতে পারবে। মুক্তবুদ্ধির চর্চা, সমাজ সেবামূলক কর্মকার্ড পরিচালনা ও মানবতার বৃহত্তর কল্যান সাধনে সুমহান আদর্শে আত্ম নিবেদিত একটি বহুমুখী অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে এটি কাজ করবে।
