আজিজুল হক কলেজে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে বহিরাগত দুই গ্রুপের সংঘর্ষে দুইজন আহত হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে কলেজ ক্যাম্পাসের মুক্ত মঞ্চের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শহরের পুরান বগুড়া এলাকার আলাউদ্দিনের ছেলে আসাদ মিয়া (১৮) ছুরিকাহত হয়। তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানান, দুপুর ২টার দিকে দুই ছেলে ও এক মেয়ে বগুড়ার সরকারি আজিজুল কলেজ ক্যাম্পাসের বিজ্ঞান ভবনের সামনে পুকুর পাড়ে বসেছিল। কিছুক্ষণ পরে ১৫ থেকে ২০ জন বহিরাগত যুবক ক্যাম্পাসে প্রবেশ করে। যুবকরা এসময় তর্কে-বিতর্কে জড়িয়ে পড়ে। কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে গিয়ে বিষয়টি সুরাহা করে দুই দলকে বিদায় করে দেয়।
এ ঘটনার পর বিকেল ৩টার দিকে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। কলেজ প্রশাসন ঘটনায় জড়িত সন্দেহে একজনকে পুলিশে সোপর্দ করেছে।
সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী জানান, বহিরাগত দুই গ্রুপের মধ্যে ক্যাম্পাসে মারপিটের ঘটনা ঘটেছে। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এসএ
