বগুড়া জেলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক শোভন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন (৩৩) গুরুতর আহত হয়েছেন।

শোভন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার মো. নুরন্নবী চৌধুরী খোকনের ছেলে ৷

মঙ্গলবার সকালে বগুড়া-ঢাকা মহাসড়কের মাঝিরা বি-ব্লক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে স্ত্রী তোহফা সাদিয়া বিথিসহ নিজ এলাকা কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় গিয়েছিলেন তিনি। মঙ্গলবার সকালে ঢাকা ফেরার পথে শোভনকে বহনকারী প্রাইভেটকারে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি হাইস ধাক্কা দেয় ৷ এতে শোভনের প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং শোভন গুরুতর আহত হন ৷

তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া ক্যান্টনমেন্টে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয় ৷ বর্তমানে তিনি শঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস বলেন, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button