প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় কলেজছাত্র শান্ত হত্যা, আসামি গ্রেপ্তার

বগুড়ায় কলেজছাত্র শান্ত হত্যার আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার রাব্বি ইসলাম মালতিনগর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি শান্ত হত্যা মামলার ৫ নম্বর আসামি।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।

এর আগে রবিবার দিবাগত রাতে ফরিদপুরের কোতোয়ালি উপজেলার চক কমলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, ‘শান্তর পরিবারের সঙ্গে আসামিদের পরিবারের বিভিন্ন কারণে পূর্বশত্রুতা ছিল। কিছুদিন আগে আসামির ভাই ও মামাকে শান্তর লোকজন চাকু দিয়ে আঘাত করেছিল। মূলত এর প্রতিশোধ নিতেই শান্তকে হত্যা করা হয়।’

তিনি আরো বলেন, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হবে।’

উল্লেখ্য ২ মার্চ বিকাল সাড়ে ৪টায় শহরের চকফরিদ কলোনি এলাকায় একদল দুর্বৃত্ত পথরোধ করে শান্তকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা রাবেয়া খাতুন ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৯ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button