বগুড়ার ধুনটে এক কৃষকের ৫টি গাভী আগুনে পুড়ে ছাই

বগুড়া জেলার ধুনট উপজেলায় শাহিনুর রহমান নামের এক কৃষকের গোয়াল ঘরে থাকা ৫টি গাভী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, শাহিনুর রহমান উপজেলার বিলচাপড়ি গ্রামের তবিবর রহমানের ছেলে। প্রায় ৫ বছর ধরে তিনি গাভি লালন-পালন করেন। মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো সবকাজ শেষ করে ঘুমিয়ে পড়েন শাহিনুর।
রাতে রহস্যজনকভাবে শাহিনুরের গোয়াল ঘরে আগুন লাগে। মুহুর্তেই আগুন পুরো গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এতে সেখানে বেঁধে রাখা ৫টি গাভি আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে নেন শাহিনুরসহ স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত শাহিনুর রহমান বলেন, রাত ৯টার দিকে গরুগুলোকে শেষবারের মতো দেখে ঘুমিয়ে পড়ি। একটু পর প্রতিবেশিদের চিৎকার শুনে ঘর থেকে বের হই। অনেক চেষ্টা করেও গাভীগুলোকে আগুনে পোড়ার হাত থেকে বাঁচাতে পারিনি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।