
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনটে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক উজ্জল সরকার ও আরোহী শিকর। তাঁরা দুজনই বগুড়ার ধুনট উপজেলার বানিয়াজান ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে উজ্জল সরকার ও শিকর একটি মোটরসাইকেলে করে শেরপুর থেকে ধুনটের দিকে যাচ্ছিলেন। পথে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধুনট থেকে শেরপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালক উজ্জল সরকার ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় মোটরসাইকেলের অপর আরোহী শিকর গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার জহুরুল ইসলাম বলেন, বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে তাঁরা দুর্ঘটনার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় দেখতে পান। মোটরসাইকেলে দুজন ছিলেন। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তিনিও মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।



