ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় পরীক্ষার ফি দিতে না পারায় শিক্ষার্থীকে পিটিয়ে আহত

বগুড়া জেলার ধুনট উপজেলায় পরীক্ষার ফি দিতে না পারায় শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষুব্ধ অভিভাবকরা অধ্যক্ষকে তার কার্যালয়ের ভেতর তালাবদ্ধ করে রাখেন। দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করে পুলিশ। আজ শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার ঝিনাই ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার বার্ষিক পরীক্ষা চলছে। দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। শিক্ষার্থী মনিরুল ইসলাম এর মধ্যে ১২০ টাকা পরিশোধ করেছে। আর্থিক অনটনের কারণে বাকি ১০০ টাকা পরিশোধ করতে পারছে না। এ কারণে অধ্যক্ষ আমান উল্লাহ আজ সকালে মনিরুলকে মাদ্রাসার অফিস কক্ষে ডেকে নিয়ে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আহত করেন।

এ ঘটনায় মনিরুল বাদী হয়ে দুপুরে অধ্যক্ষ আমান উল্লাহর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে। তবে অধ্যক্ষ আগামীকাল (২৮ নভেম্বর) ধুনট উপজেলায় ইউপি নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্বে থাকায় মুচলেকায় তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

অধ্যক্ষ আমান উল্লাহ বলেন, ‘পরীক্ষার ফি চাওয়ায় মনিরুল উত্তেজিত হয়ে আমার সঙ্গে খারাপ আচরণ করায় দুটি পেটোন মেরেছি।’

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, নির্বাচনের পর শিক্ষার্থীর অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button