ধুনটে প্রশংসাপত্রের টাকা না পেয়ে শিক্ষার্থীকে মারধর

বগুড়ার ধুনটে প্রশংসাপত্রের টাকা না পেয়ে সৌরভ হাসান নামের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার এলাঙ্গী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার শৈলমারি গ্রামের এনায়েত আলীর ছেলে সৌরভ হাসান(১৭) এবছর এলাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে মানবিক শাখায় এসএসসি পাশ করেছে। কলেজে ভর্তির জন্য মঙ্গলবার সকালের দিকে প্রশংসাপত্রের জন্য ওই বিদ্যালয়ের অফিস কক্ষে গেলে প্রধান শিক্ষক আব্দুর রউফ শিক্ষার্থীর কাছ থেকে ৫০০ টাকা দাবি করেন।
বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি শুরু হলে বিদ্যালয়ে অফিস সহকারি জামিল উদ্দিন অফিস কক্ষের ভেতর শিক্ষার্থী সৌরভ হাসানকে মারধরের একপর্যায়ে নাকে ঘুষি মেরে ফাটিয়ে দেয়।
সহপাঠিরা সৌরভ হাসানকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ ঘটনায় ধুনট থানায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে আহত শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন, প্রশংসাপত্রের জন্য ৩০০ টাকা চাওয়া হয়েছিল। ওই শিক্ষার্থী টাকা না দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে।
বিদ্যালয়ের অফিস সহকারি জামিল উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ওই শিক্ষার্থীকে কক্ষ থেকে বের করে দেয়ার চেষ্টা করি। এ সময় ধাক্কা লেগে শিক্ষার্থী আহত হয়েছে। তাকে কোনো প্রকার মারধর করা হয়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, শিক্ষার্থীকে মারধরের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এসএ



