বগুড়ায় টিসিবির কার্ডের জন্য টাকা আদায়ের অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলায় অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রির সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের ক্রেতার তালিকায় নাম ওঠাতে। এ অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের বিরুদ্ধে। তবে তাঁরা বলছেন, টাকা নেয়ার পর তা ফেরত দেয়া হয়েছে।
জানা গেছে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক উপজেলায় তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এ লক্ষ্যে উপজেলায় ১০ হাজার ৪০০ জনের তালিকা তৈরি করা হচ্ছে। একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন থেকে এ তালিকা তৈরি করা হবে।
এ তালিকা তৈরির দায়িত্ব দেয়া হয়েছে ইউনিয়ন পরিষদের সদস্যদের। ক্রেতার ফরম পূরণের কাজ শেষ হলে উপকারভোগীদের টিসিবি কার্ড দেয়া হবে।
গতকাল দেখা যায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের দিঘলকান্দি তিন মাথা বাজার এলাকায় টিসিবির তালিকায় নাম ওঠানোর জন্য দরিদ্র পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ আদায় করার এক ব্যক্তিকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় লোকজন। পরে স্থানীয় মাতবরদের সহায়তায় আদায় করা অর্থ ফেরত দিয়ে তাঁকে ছেড়ে দেয়া হয়েছে। অবরুদ্ধ ওই ব্যক্তির নাম সোহাগ হাসান। তিনি দিঘলকান্দি গ্রামের বাসিন্দা।
চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত নারী আসনের সদস্য রোকসানা আক্তার জানান, ইউনিয়ন পরিষদ থেকে ২৫ জন ব্যক্তির টিসিবির ক্রেতা কার্ড তৈরির ফরম পূরণের জন্য সোহাগ হাসানকে দায়িত্ব দিয়েছিলাম। সে পারিশ্রমিক বাবদ তাঁদের কাছ থেকে ২০০ করে টাকা নিয়েছিল। পরে তা ফেরত দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টিসিবির পণ্য বিক্রি ব্যবস্থাপনা কমিটির সভাপতি সঞ্জয় কুমার মহন্ত জানান, টিসিবির পণ্য বিক্রির জন্য ক্রেতার তালিকা তৈরিতে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। অবৈধভাবে অর্থ আদায় করা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এসএ



