বগুড়ায় ঘুমন্ত নারীকে হত্যাচেষ্টা, যুবক আটক

বগুড়ার ধুনটে বেড়া ভেঙে ঘুমন্ত এক নারীর গলায় ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আহত লতা খাতুন ধুনট পৌর এলাকার পূর্বভরণশাহী গ্রামের আনোয়ারুল হক দোলার মেয়ে।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শুক্রবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনায় সন্দেহভাজন সজিব হোসেনকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পেশায় নির্মান শ্রমিক সজিব হোসেন একই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে সংসারে বনিবনা না হওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর হতদরিদ্র বাবার বাড়িতে টিনের ভাঙা ঘরে বসবাস করেন লতা খাতুন।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে একাই ঘুমিয়ে পড়ে লতা খাতুন। রাত সাড়ে ১২ টার দিকে কে বা কারা বেড়া ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে লতার গলায় ধারালো অন্ত্র চালিয়ে হত্যাচেষ্টা চালায়। এ সময় লতার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আত্মীয়-স্বজনরা লতা খাতুনকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ধুনট থানার অফিসার ইনাচর্জ কৃপা সিন্ধু বালা বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে কে বা কারা অসৎ উদ্যেশে মেয়েটির ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে।
এসএ



