বগুড়ায় চুরির টাকা ভাগ করার সময় চোর চক্রের সংঘর্ষ, নারীসহ আটক ৭

বগুড়া জেলার ধুনট উপজেলায় চুরি করা টাকা ভাগ বাটোয়ারা নিয়ে সংঘর্ষ হয় চোর চক্রের। এসময় জনতার হাতে ধরা পড়ে চোর চক্রের নারীসহ ৭ সাত সদস্য।
মঙ্গলবার রাতে কান্তনগর বাজারে চোরাই টাকার ভাগবাটোয়ারা নিয়ে চোরদের মধ্যে ঝগড়া শুরু হয়। এরপর স্থানীয় জনগন চোরাই টাকাসহ চোর চক্রের সদস্যদের আটক করে থানায় সোপর্দ করে।
এরা হলো- বগুড়া চেলোপাড়া এলাকার আজিজার রহমানের মেয়ে হোসনেয়ারা, একই এলাকার ইকবাল হোসেনের ছেলে খোরশেদ আলম ইরাক, সিরাজগঞ্জ জেলার উলতাপাড়া থানার ঝিকরগাছা গ্রামের সজিব হোসেন কাইলা, ধুনট সদরপাড়া গ্রামের রনি ইসলাম, সোৗরভ, বাবু, ও মোমিন মিয়া।
ধুনট থানার এস আই আসাদুজ্জামান জানান, গত ১৫ মার্চ উপজেলার হাসাপোটল গ্রামের আবুল হোসেনের স্ত্রী রেহেনা খাতুন আগ্রনী ব্যাংক ধুনট শাখা থেকে ৩ লাখ টাকা উত্তোলন করে বাড়ি যাচ্ছিলেন। ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পৌঁছালে চোরচক্রের সদস্যরা তার ব্যাগ থেকে টাকা চুরি করে।
এরপর স্থানীয় কান্তনগর বাজারে চোরাই টাকার ভাগবাটোয়ারা নিয়ে চোরদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় জনগন চোরাই টাকাসহ চোরচক্রের সদস্যদের আটক করে থানায় সোপর্দ করে।
এ ঘটনা নিয়ে মঙ্গলবার রাতে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সকালে টাকার মূল মালিক রেহেনা খাতুন থানায় যোগাযোগ করলে তার খোয়া যাওয়া টাকার বর্ণনার সাথে ধৃত চোর ও উদ্ধার করা টাকার প্রামান মেলে।
এরপর আগ্রনী ব্যাংক ধুনট শাখার সিসি ক্যামেরার ফুটেজে আটক চোরদের সন্দেহজনক ঘোরাফেরার প্রমান পায় পুলিশ। এ ব্যাপারে রেহানা খাতুনের ছেলে আব্দুর রউফ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, চোরচক্রটির আটক সদস্যরা বিভিন্ন উপজেলার ব্যাংকে ঘোরাফেরা করে সুযোগ বুঝে গ্রহকের টাকা চুরি করার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বুধবার তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।



