
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় ঢাকাগামী কোচের সাথে মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে মিল্টন আহমেদ লাদেন (২২) নামে এক জুলাই যোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ সড়কের তেলিগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
মিল্টন আহমেদ লাদেন গুনাহার ইউনিয়নের কামারু গ্রামের আব্দুর রশিদের ছেলে। তবে তিনি দুপচাঁচিয়া পৌর এলাকার মাষ্টারপাড়া মহল্লায় বসবাস করতেন। এছাড়া জুলাইয়ের আন্দোলনের আহত যোদ্ধা ছিলেন লাদেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ লাদেন মোটরসাইকেল নিয়ে নওগাঁ অভিমুখে যাচ্ছিল। পথে তেলিগাড়ী নামক স্থানে বিপরীত দিক থেকে আসামী দ্রুতগামী কোচের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় লাদেন ছিটকে রাস্তার ওপর পড়ে গেলে কোচটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনার পরপরই কোচটি ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যুর বিষয়টি বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সতর্কতা: অতিরিক্ত গতি নয়, নিরাপত্তাই সবার আগে। এক মুহূর্তের অসাবধানতা কেড়ে নিতে পারে এক জীবনের স্বপ্ন। হেলমেট ও সিটবেল্ট জীবন বাঁচায়—অবহেলা নয়, অভ্যাস করুন। রাস্তায় দায়িত্বশীল হোন, আপনার ভুলে অন্যের প্রাণ যেতে পারে। মোবাইল হাতে নয়, স্টিয়ারিংয়ে চোখ রাখুন। ওভারটেক নয়, সময়মতো গন্তব্যে পৌঁছানোই বুদ্ধিমানের কাজ। পথচারীদের অগ্রাধিকার দিন—সবার নিরাপত্তাই আমাদের দায়িত্ব। দুর্ঘটনা কোনো ভাগ্য নয়, এটি সচেতনতার অভাবের ফল। গাড়ি চালান ধীরে, ঘরে ফিরুন নিরাপদে। সড়কে সচেতনতা মানে জীবনের প্রতি শ্রদ্ধা।



