
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, দুপচাঁচিয়া উপজেলার পুরাতন বাজার সংলগ্ন নাগর নদীর সেতুর নিচে এবং চক সুখান গাড়ী এলাকার বিভিন্ন স্থানে অভিযান করেন ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম।
আটককৃতরা হলেন, দুপচাঁচিয়া উপজেলার বিরকেদার নয়াপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ নাহিদ হোসেন (৪০), চক সুখানগাড়ী গ্রামের মৃত মনতেজার ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম (৪০), নয়াপাড়ার মৃত আমজাদ ফকিরের ছেলে মোঃ তারেক ফকির (৩৯)এবং একই গ্রামের মৃত আব্দুল হাই প্রামাণিকের ছেলে মোঃ গোলাপ প্রামাণিক (৫০)।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোঃ নাহিদ হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর তিনজন মোঃ রবিউল ইসলাম, মোঃ তারেক ফকির ও মোঃ গোলাপ প্রামাণিককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমান জানান,
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে চারজনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে।



