দুপচাঁচিয়া উপজেলা
প্রধান খবর

বগুড়ায় শো-রুম থেকে তুলে নিয়ে গিয়ে মালিককে হত্যা, মরদেহ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার লোটো শো-রুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দ (৩৫) কে হত্যা করা হয়েছে। অপহরণের কয়েক ঘণ্টা পর পাশের আদমদীঘী উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক ৯টা ৮ মিনিটের দিকে দুপচাঁচিয়া উপজেলার লোটো শো-রুমের সামনে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস এসে থামে। গাড়ি থেকে মুখ ঢাকা চারজন দুর্বৃত্ত নেমে আসে। তাদের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে শো-রুমে ঢুকে পিন্টু আকন্দকে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক টেনেহিঁচড়ে বাইরে বের করে আনেন। পরে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘীর দিকে চলে যায় তারা।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে, যেখানে অপহরণের পুরো দৃশ্য ধরা পড়েছে। ফুটেজে দুর্বৃত্তদের মুখ ঢাকা অবস্থায় দ্রুত পালিয়ে যেতে দেখা যায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, অপহরণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button