এবারও স্কুল ভর্তি লটারিতে, কবে থেকে আবেদন

এবারও সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে লটারির মাধ্যমে। আগামী ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ডিজিটাল লটারি।
সোমবার (১০ নভেম্বর) বিকালে ঢাকা মহানগর ভর্তি কমিটির সভা শেষে এসব তথ্য জানান কমিটির সদস্য ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভর্তি মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
তিনি জানান, অনলাইন আবেদন ও লটারি প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক বি এম আবদুল হান্নান।
সভা সূত্রে জানা যায়, প্রধান শিক্ষকরা ১২ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ও শূন্যপদের তথ্য আপলোড করবেন। ১৩ নভেম্বর থেকে টেলিটক প্রক্রিয়া শুরু করবে। ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৩ থেকে ১৯ নভেম্বরের মধ্যে।
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত। প্রথম ও দ্বিতীয় ওয়েটিং লিস্টের মাধ্যমে অতিরিক্ত ভর্তি হবে যথাক্রমে ২২–২৪ ডিসেম্বর এবং ২৭–৩০ ডিসেম্বর।
যদিও ভর্তি প্রস্তুতি শুরু হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় এখনো ভর্তি নীতিমালা জারি করেনি। করোনাকালে ২০২১ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া লটারি-ভিত্তিক ভর্তি প্রক্রিয়া এবারও বহাল থাকছে।

