
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। এখনো ফল প্রকাশের চূড়ান্ত বা সম্ভাব্য কোনো তারিখ নির্ধারণ হয়নি। তবে চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। বোর্ডগুলোও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল।
তবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি। এ কারণে ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে। তবে খুব বেশি দেরি হবে না।
চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব কি না-এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘আশা করছি পারব। ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই আমাদের কাজ গুছিয়ে ফল প্রকাশ করতে পারব।’
এর আগে গত ১৫ জুন এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেছিলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এছাড়া পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট
