
বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আর্জেন্টিনা। তবে এই ম্যাচটি শুধু শিরোপা ধরে রাখার লড়াই নয়, লিওনেল মেসির জন্যও হতে পারে ইতিহাসের নতুন অধ্যায়। মাঠে নামলেই আর্জেন্টাইন অধিনায়কের সামনে থাকবে একাধিক ব্যক্তিগত ও দলীয় রেকর্ড গড়ার সুযোগ।
৩৯ বছর ২৫ দিন বয়সে বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন মেসি। গোলরক্ষকদের বাদ দিলে তিনিই হবেন বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার। যদিও সব মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ড এখনও ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের দখলে।
স্পেনের বিপক্ষে এটি হবে মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এর মাধ্যমে তিনি আর্জেন্টিনার ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়ার কীর্তি গড়বেন। এর আগে দিয়েগো ম্যারাডোনা দুবার ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন। বিশ্ব ফুটবলে ব্রাজিলের কিংবদন্তি কাফুর পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও স্পর্শ করবেন মেসি।
ফাইনালে জয় পেলে আরও বড় অর্জন অপেক্ষা করছে। তিনি হতে পারেন বিশ্বকাপ ইতিহাসের প্রথম অধিনায়ক, যিনি দুইবার শিরোপা জিতবেন। একই সঙ্গে আর্জেন্টিনা ব্রাজিল ও ইতালির পর তৃতীয় দেশ হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করবে। টানা দুই বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হওয়ার রেকর্ডও গড়বেন মেসি।
ব্যক্তিগত গোলের রেকর্ডেও নজর থাকবে এই মহাতারকার দিকে। ফাইনালে একটি গোল করলেই তিনি বিশ্বকাপ ফাইনালে গোল করা সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হবেন। বর্তমানে এই রেকর্ডটি সুইডেনের নিলস লিডহোমের দখলে। একই সঙ্গে একটি গোলই তাকে ১৯৩০ বিশ্বকাপে গিয়ের্মো স্তাবিলের করা এক আসরে আর্জেন্টিনার সর্বোচ্চ ৮ গোলের রেকর্ড ছাড়িয়ে দেবে।
দুটি গোল করতে পারলে এক বিশ্বকাপে ১০ গোলের মাইলফলক স্পর্শ করবেন মেসি। ইউরোপের বাইরের কোনো ফুটবলারের জন্য এটি হবে প্রথম অর্জন। এর আগে এক বিশ্বকাপে ১০ বা তার বেশি গোল করেছেন শুধু জুস্ত ফঁতেন, সান্দর কচিস ও গার্ড মুলার।
২০২২ সালের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেছিলেন মেসি। এবারও ফাইনালে গোল করতে পারলে তিনি বিশ্বকাপ ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হিসেবে দুটি ভিন্ন ফাইনালে গোল করার কীর্তি গড়বেন। আর দুটি গোল করলে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ চার গোলের রেকর্ডে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠবেন। হ্যাটট্রিক করতে পারলে গড়বেন নতুন বিশ্বরেকর্ড।
এছাড়া ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারলে ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের রোনালদোর বিশ্বকাপজয়ী দলের হয়ে এক আসরে সর্বোচ্চ ৮ গোলের রেকর্ডও ভেঙে দিতে পারবেন মেসি।
ফাইনালে মেসির সামনে সম্ভাব্য রেকর্ডগুলো-
- তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলা।
- আর্জেন্টিনার প্রথম অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দেওয়া।
- কাফুর পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দেওয়া।
- বিশ্বকাপ ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে দুইবার শিরোপা জয়ের সুযোগ।
- টানা দুই বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হওয়ার সম্ভাবনা।
- বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি বয়সে গোল করা আউটফিল্ড খেলোয়াড় হওয়ার সুযোগ।
- এক আসরে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙার সুযোগ।
- এক বিশ্বকাপে ১০ গোল করা ইউরোপের বাইরের প্রথম ফুটবলার হওয়ার সম্ভাবনা।
- দুটি ভিন্ন বিশ্বকাপ ফাইনালে গোল করা ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হওয়ার সুযোগ।
- দুটি গোল করলে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ডে এমবাপ্পের পাশে ওঠার সুযোগ।
- শিরোপাসহ গোল করলে বিশ্বকাপজয়ী দলের হয়ে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার সুযোগ।