
চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগের নিয়মে তিন ধাপে আবেদনের পরিবর্তে এবার এক ধাপেই আবেদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি থাকছে না মাইগ্রেশন বা কলেজ পরিবর্তনের সুযোগ।
এ ছাড়া নভেম্বরে নয়, সেপ্টেম্বরের মধ্যেই একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শেষ করে একই মাসের শেষ সপ্তাহে ক্লাস শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
গত ১৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
গত কয়েক বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ধাপে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার সুযোগ পেতেন। তবে এবার প্রথম পর্যায়েই একবার আবেদন করার সুযোগ থাকবে।
আবেদনের সুযোগ একবার হওয়ায় আগের মতো মাইগ্রেশন বা কলেজ পরিবর্তনের সুযোগও থাকছে না।
তবে খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষার পর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আবার আবেদনের সুযোগ পাবেন। একইভাবে কোনো শিক্ষার্থী আবেদন থেকে বাদ পড়লে, কোনো কারণে নিশ্চায়ন না করলে বা কলেজ না পেলেও পরবর্তী সময়ে আবার আবেদনের সুযোগ রাখা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রাথমিক প্রস্তাবে ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু এবং ১০ নভেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চালানোর কথা বলা হয়েছিল। এরপর ১২ নভেম্বর ক্লাস শুরুর প্রস্তাবও ছিল।
তবে শিক্ষা মন্ত্রণালয় এ প্রস্তাবে সায় দেয়নি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হবে।
ভর্তি কার্যক্রম সেপ্টেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই মাসের শেষ সপ্তাহে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
এদিকে পুনর্নিরীক্ষার পর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা নতুন করে আবেদন করে কলেজ পরিবর্তনের সুযোগ পেলে তাদের ক্লাস আগামী ১ অক্টোবরের মধ্যেই শুরু করার পরিকল্পনা রয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজ



