শিক্ষা

শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

করোনা সংক্রমণের হার কমতে থাকায় শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, “করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে। আশা করা যাচ্ছে শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।”

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে সরকার সব ধরনের চেষ্টা করছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের অধিকারের পাশাপাশি দায়িত্বও আছে। সব সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।”

শিক্ষামন্ত্রী বলেন, “শাবির মতো সমস্যা প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়েই হয়। জাতীয় উদ্যোগের মাধ্যমে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।”

এর আগে শাবির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে শুক্রবার সকাল ৯টার দিকে সিলেটে পৌঁছান শিক্ষামন্ত্রী। তার সঙ্গে আছেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল ইসলাম নওফেল।

সফরসূচি অনুযায়ী বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শাবিপ্রবি পরিস্থিতি নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ২০ মিনিটে একটি ফ্লাইটে করে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button