প্রবাসী ভোটার নিবন্ধনে সময় বাড়ল

নির্বাচন কমিশন (ইসি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বিশ্বের যেকোনো দেশ থেকে অ্যাপটি ব্যবহার করে নিবন্ধন করা যাবে। এর আগে সময়সীমা ছিল ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার জানিয়েছেন, এখন পর্যন্ত অ্যাপের মাধ্যমে ১ লাখ ২৩ হাজার ৮৯ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ১ লাখ ৬ হাজার ৯০৬ জন পুরুষ এবং ১৬ হাজার ১৮৩ জন নারী।
তিনি জানান, বহু প্রবাসী সময় বৃদ্ধির অনুরোধ করায় কমিশন সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাঁর ভাষায়, ‘সময়সীমা বাড়ানোর সুযোগ ছিল, তাই ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।’
ইসি জানায়, অ্যাপটি সারাবিশ্ব থেকে ডাউনলোড করে আউট অব কান্ট্রি ভোটিংয়ের জন্য নিবন্ধন করা যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে চাইলে এই নিবন্ধন বাধ্যতামূলক।
এ ছাড়া আইসিপিভি ইনকান্ট্রি পোস্টাল ভোটের ক্ষেত্রে তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া চালু করা হবে।


