
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনের বিএনপি প্রার্থী নওশাদ জমির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সারজিস আলম-কে শোকজ করেছে নির্বাচন কর্তৃপক্ষ। এর মধ্যে বিএনপি প্রার্থী নওশাদ জমিরের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মো. সায়েমুজ্জামান-এর স্বাক্ষরিত পৃথক নোটিশের মাধ্যমে এই শোকজ জারি করা হয়।
নওশাদ জমিরের বিরুদ্ধে যেসব অভিযোগ
নওশাদ জমিরকে দেওয়া নোটিশে উল্লেখ করা হয়, গত ২৩ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের লক্ষ্যে পরিচালিত অভিযানে তাঁর পক্ষে একাধিক লঙ্ঘনের ঘটনা শনাক্ত হয়।
নোটিশ অনুযায়ী-
- করতোয়া ব্রিজের উভয় পাশে অনুমোদিত আকারের চেয়ে বড় (৬×৩ ফুট) ফেস্টুন স্থাপন
- এসব ফেস্টুন অপসারণকালে প্রার্থীর নেতাকর্মীদের দ্বারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজে বাধা ও অসৌজন্যমূলক আচরণ
- নির্ধারিত সময়ের মধ্যে ফেসবুক আইডি রিটার্নিং অফিসারের কাছে দাখিল না করা
- গভীর রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে অবৈধভাবে জমায়েত
উল্লিখিত প্রতিটি ঘটনাকেই নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে নোটিশে উল্লেখ করা হয়েছে।
সারজিস আলমের বিরুদ্ধে অভিযোগ
এনসিপি প্রার্থী সারজিস আলমকে দেওয়া নোটিশে বলা হয়, গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত একটি নির্বাচনী জনসভায় তিনি তাঁর নির্বাচনী জোটের প্রধানকে স্বাগত জানিয়ে তোরণ, বিলবোর্ড ও ব্যানার স্থাপন করেন।
অথচ নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭(চ) অনুযায়ী, কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী কেবল নিজ দলীয় প্রধানের ছবি ও প্রচার সামগ্রী ব্যবহার করতে পারবেন। নিজ দলীয় প্রধান ছাড়া অন্য দলের প্রধানের ছবি ব্যবহার করে ব্যানার ও বিলবোর্ড স্থাপন করায় আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এ ছাড়া-
- রিটার্নিং কর্মকর্তার নির্দেশ অমান্য করে তিনটি তোরণ নির্মাণ (বিধি ১৩(ক) লঙ্ঘন)
- ফেসবুক আইডি রিটার্নিং অফিসারের কাছে দাখিল না করেই নির্বাচনী প্রচার চালানো (বিধি ১৬(ক) লঙ্ঘন)
এই অভিযোগগুলোও নোটিশে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কী বলা হয়েছে নোটিশে
দুই প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না দিলে নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের অংশ হিসেবে এই শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: বণিকবার্তা



