নির্বাচন
প্রধান খবর

নির্বাচনে তিনদিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আওতায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে টানা তিন দিন (৭২ ঘণ্টা) এবং ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও ট্যাক্সিক্যাব-এই চার ধরনের যান ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ থাকবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন সচিবের কাছে একটি চিঠি পাঠান।

নিষেধাজ্ঞার সময়সূচি

  • মোটরসাইকেল চলাচল বন্ধ:
    ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত (৭২ ঘণ্টা)
  • ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও ট্যাক্সিক্যাব চলাচল বন্ধ:
    ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা)

যেসব যান নিষেধাজ্ঞার বাইরে থাকবে

চিঠিতে বলা হয়েছে, নিরাপত্তা ও জরুরি প্রয়োজনে কিছু যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সেগুলো হলো-

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যান
  • অনুমতিপ্রাপ্ত দেশি-বিদেশি পর্যবেক্ষকদের যান
  • অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যান
  • ওষুধ, চিকিৎসা সামগ্রী ও সংবাদপত্র বহনকারী যান
  • বিমানবন্দরগামী বা বিমানবন্দর থেকে ফেরা যাত্রীবাহী যান (টিকিট বা প্রমাণ দেখাতে হবে)
  • দূরপাল্লার যাত্রীবাহী যান এবং দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় যাতায়াতে ব্যবহৃত যান
  • প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং তার নির্বাচনী এজেন্টের জন্য একটি গাড়ি (রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে)

বিশেষ শর্তে চলাচলের সুযোগ

  • সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত মোটরসাইকেল/যানবাহন ইসি বা রিটার্নিং অফিসারের অনুমোদনে চলতে পারবে।
  • নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইসির অনুমোদনসাপেক্ষে মোটরসাইকেল চলাচল সম্ভব।
  • টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন নিষেধাজ্ঞামুক্ত থাকবে।
  • জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা এবং আন্তঃজেলা বা মহানগরে প্রবেশ-বহির্গমনের গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগ সড়কে প্রয়োজনে নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

নির্বাচন কমিশনের ভাষ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতেই এই যানবাহন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button