
বগুড়া-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল বলেছেন, “গণতন্ত্রের স্বার্থে আমরা ভোট বর্জন করছি না। ফলাফল নিয়েই আমরা বাড়ি ফিরব।” তিনি বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল চারটার দিকে শহরের জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে সোহেল অভিযোগ করেন, ভোটগ্রহণ শুরুর পর থেকেই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণ করছেন। তার দাবি, রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে কাজ করছেন।
তিনি আরও বলেন, মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগাম ফলাফলের শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে। নামুজা এলাকায় তার এক কর্মীকে মারধর করা হয়েছে এবং পাঁচবাড়িয়া এলাকায় নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া কয়েকটি কেন্দ্রে তার সমর্থকদের বের করে দেওয়া হয়েছে।
সোহেল অভিযোগ করেন, নূরানী মোড় এলাকায় তার এক কর্মীকে প্রতিপক্ষ দলের লোকজন ছুরিকাঘাত করেছে। বর্তমানে ওই কর্মী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি জানান, নির্বাচন সংক্রান্ত ইতোমধ্যেই ২০টির বেশি অভিযোগ করা হলেও রিটার্নিং কর্মকর্তা কোনো অভিযোগ আমলে নেননি। তার ভাষ্য, রিটার্নিং কর্মকর্তা প্রতিপক্ষ দলের স্বার্থ রক্ষা করছেন।



