ফুটবল
প্রধান খবর

বিশ্বকাপ ফাইনালে স্পেনকে প্রতিপক্ষ হিসেবে চান স্কালোনি

আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি বলেছেন, সম্ভাব্য বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হতে তার কোনো আপত্তি নেই। তবে সেই আলোচনা এখনই করতে চান না তিনি। তার মতে, দুই দলকেই এখনও অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে রাউন্ড অব ১৬-এ মিশরের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “ফাইনালে স্পেনের বিপক্ষে খেলতে পারলে অবশ্যই ভালো লাগবে। কিন্তু সেই পথ এখনও অনেক দীর্ঘ। আমরা এবং স্পেন-দুই দলকেই আরও অনেক বাধা অতিক্রম করতে হবে।”

স্পেনকে নিয়ে মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, টুর্নামেন্টের শুরু থেকে ধীরে ধীরে নিজেদের আরও শক্তিশালী করেছে দলটি।

স্কালোনি বলেন, “স্পেন পাঁচটি ম্যাচে ধীরে ধীরে নিজেদের আরও শক্তিশালী করেছে। তবে এই বিশ্বকাপ স্বাভাবিক নয়। ভ্রমণ, প্রচণ্ড গরম, মাঠের অবস্থা এবং বলের গতি-সবকিছুই খেলায় প্রভাব ফেলছে। তাই কোনো দলকে স্পষ্ট ফেবারিট বলা কঠিন। এখন পর্যন্ত কোনো দলই পুরোপুরি আধিপত্য দেখাতে পারেনি।”

তার মতে, এবারের বিশ্বকাপে প্রতিটি দলই চ্যালেঞ্জের মুখে পড়েছে।

তিনি বলেন, “ফ্রান্সকে সবাই ভয়ঙ্কর প্রতিপক্ষ মনে করছিল, কিন্তু তাদেরও প্যারাগুয়ের বিপক্ষে লড়াইয়ে বেগ পেতে হয়েছে। পুরো মৌসুমজুড়ে অনেক ম্যাচ খেলার কারণে ফুটবলারদের ক্লান্তি স্পষ্ট। তাই ফেবারিট দলগুলোও প্রত্যাশিত ছন্দে নেই।”

মিশরের বিপক্ষে প্রথম একাদশ ঠিক করে ফেলেছেন জানিয়ে স্কালোনি বলেন, “আমি দল ঠিক করেছি, তবে এখনও খেলোয়াড়দের জানাইনি।”

ব্রাজিলের বিদায় প্রসঙ্গে তিনি বলেন, “আমরা অনুশীলনের কারণে পুরো ম্যাচ দেখতে পারিনি। ঝড়ের জন্য সেশনও বন্ধ করতে হয়েছিল। নরওয়ে খুবই ভালো দল। ব্রাজিল যেভাবে বিদায় নিয়েছে, তেমন পরিস্থিতি আমাদের সঙ্গেও ঘটতে পারত। তাই আমরা সতর্ক। মিশরও দারুণ প্রতিপক্ষ।”

লিওনেল মেসির ফিটনেস নিয়ে কোনো উদ্বেগ নেই বলেও জানিয়েছেন আর্জেন্টিনা কোচ।

তিনি বলেন, “মেসি পুরোপুরি ভালো আছে এবং সে খেলবে। আগের ম্যাচে ১২০ মিনিট খেলেও সে কখনো ক্লান্তির কথা বলেনি।”

একই সঙ্গে মিশরের প্রশংসা করে স্কালোনি বলেন, “মিশর খুব ভালো দল। তাদের দলে মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে এবং কোচ দীর্ঘদিন ধরে দলের সঙ্গে কাজ করছেন। তাদের নির্দিষ্ট একটি খেলার ধরন আছে এবং তারা সব প্রতিপক্ষকেই কঠিন পরীক্ষায় ফেলেছে।”

তথ্যসূত্র: মার্কা

এই বিভাগের অন্য খবর

Back to top button