
জব্দকৃত টাকার বৈধ উৎস প্রমাণিত হওয়ায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। দীর্ঘ যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (রাত) তাঁকে মুক্তি দেওয়া হয়। একই সঙ্গে জব্দ করা টাকাও ফেরত দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, তদন্তে টাকার বৈধ উৎস নিশ্চিত হওয়ায় এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ না পাওয়ায় বেলাল উদ্দিন প্রধানকে মুক্তি দেওয়া হয়।
এর আগে বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে নগদ ৭৪ লাখ টাকাসহ তাঁকে সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
নীলফামারীর পুলিশ জানান,
“গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা থেকে আগত একটি ফ্লাইটে বেলাল উদ্দিন প্রধান অবতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে উদ্ধারকৃত টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হলেও, পরবর্তীতে গণনা শেষে ৭৪ লাখ টাকা পাওয়া যায়।
পুলিশ ও প্রশাসনের একাধিক সংস্থা টাকার উৎস, বহনের উদ্দেশ্য এবং সম্ভাব্য নির্বাচন সংশ্লিষ্ট কোনো অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে। যাচাই শেষে কোনো অপরাধের উপাদান না পাওয়ায় বেলাল উদ্দিন প্রধানকে টাকা ফেরত দিয়ে পরিবারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো সন্দেহজনক লেনদেন বা কর্মকাণ্ডের বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।



