
ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি-র জীবনী নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক ‘প্রিন্স অব ক্যালকাটা’। এই ছবিতে গাঙ্গুলির চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। আগামী মার্চ মাসেই শুটিংয়ের জন্য কলকাতায় যাওয়ার কথা রয়েছে তার।
সম্প্রতি উজ্জ্বল নিকমের বায়োপিকের কাজ শেষ করেছেন রাজকুমার। নতুন এই স্পোর্টস ড্রামার জন্য তিনি কড়া প্রস্তুতি নিচ্ছেন। চরিত্রের প্রয়োজনে শারীরিক গড়ন বদলানোয় তার জুড়ি নেই-আগেও ‘ট্র্যাপড’ ও ‘বোস’ ছবির ক্ষেত্রে একই রকম নিবেদন দেখিয়েছেন তিনি।
বাঁহাতি ব্যাটিং রপ্ত করার চ্যালেঞ্জ
রাজকুমার রাও জানিয়েছেন, তিনি ডানহাতি ব্যাটার। অথচ গাঙ্গুলি ছিলেন বাঁহাতি। তাই চরিত্রের প্রয়োজনে বাঁহাতি ব্যাটিং শিখতে হচ্ছে তাকে।
তিনি বলেন,
‘আমি ক্রিকেট খেলতে পারি। কিন্তু দাদার মতো বাঁহাতি নই। সেটা রপ্ত করতে একটু সময় লাগবে।’
পরিচালনায় বিক্রমাদিত্য মোতওয়ানে
ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। ২০২৫ সালের আগস্টে তিনি কলকাতায় লোকেশন রেকি করে গেছেন। ঘুরে দেখেছেন-
- ইডেন গার্ডেনস
- কলকাতার ময়দান এলাকা
- বেহালায় গাঙ্গুলির বাড়ি
- দুখীরাম কোচিং সেন্টার (যেখান থেকে গাঙ্গুলির ক্রিকেট যাত্রা শুরু)
প্রথমে জানুয়ারি থেকে শুটিং শুরুর পরিকল্পনা থাকলেও প্রস্তুতির জন্য সময় বাড়ানো হয়।
একাধিক লোকেশনে শুটিং
গণমাধ্যম সূত্রে জানা গেছে, কলকাতা ছাড়াও মুম্বাই ও লন্ডনের বিভিন্ন স্থানে শুটিংয়ের অনুমতি নেওয়া হয়েছে। কলকাতার যেসব জায়গায় রেকি করা হয়েছিল, সেগুলোই প্রাথমিক শুটিং তালিকায় রয়েছে।
‘প্রিন্স অব ক্যালকাটা’র চরিত্রে নিজেকে পুরোপুরি আত্মস্থ করতে বাংলা ভাষাও শিখেছেন রাজকুমার রাও। এ ক্ষেত্রে তার স্ত্রী পত্রলেখার সহায়তার কথাও জানা গেছে।
এর আগে বায়োপিক প্রসঙ্গে রাজকুমার বলেন,
‘দাদার জীবনী পর্দায় ফুটিয়ে তোলা বড় দায়িত্ব। আমরা খুব যত্ন নিয়ে ছবিটি তৈরি করতে চাই। তাই প্রস্তুতির জন্য কিছুটা সময় নিয়েছি।’
ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম আইকনিক অধিনায়কের জীবন নিয়ে নির্মিত এই বায়োপিক ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
তথ্যসূত্র: যুগান্তর



