
জনপ্রিয় স্প্যানিশ সিরিজ মানি হাইস্ট বা ‘লা কাসা দে পাপেল’ শেষ হয়েছিল ২০২১ সালে। পাঁচটি সিজনের পর গল্পের সমাপ্তি টানলেও দর্শকদের আগ্রহ একটুও কমেনি। পরে সিরিজটির জনপ্রিয় চরিত্র বার্লিনকে ঘিরে নতুন স্পিন-অফ নির্মাণ করেন সিরিজটির স্রষ্টা অ্যালেক্স পিনা।
সম্প্রতি নেটফ্লিক্স-এর নতুন এক টিজার ঘিরে আবারও আলোচনায় এসেছে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। ভক্তদের প্রশ্ন-এবার কি আসছে ‘মানি হাইস্ট’-এর ষষ্ঠ সিজন, নাকি তৈরি হচ্ছে নতুন কোনো স্পিন-অফ?
সিরিজটির ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে সম্প্রতি নেটফ্লিক্স স্পেন স্পেনের সেভিল শহরে জমকালো এক আয়োজন করে। অনুষ্ঠানে গুয়াদালকুইভির নদীতে বিশেষ নৌকা শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানে লাল জাম্পস্যুট ও সালভাদর দালির মুখোশ পরে অংশ নেন শিল্পীরা। পাশাপাশি পরিবেশন করা হয় সিরিজটির জনপ্রিয় গান বেলা চাও।
অনুষ্ঠানে প্রদর্শিত টিজারে ‘মানি হাইস্ট’-এর আলোচিত কয়েকটি মিশনের ঝলক দেখা যায়। এর মধ্যে ছিল স্পেনের রয়্যাল মিন্ট ও ব্যাংক অব স্পেন ডাকাতির দৃশ্য। একই সঙ্গে নতুন কিছু অভিযানের ইঙ্গিতও দেওয়া হয়।
তবে নতুন কনটেন্টটি মূল সিরিজের ষষ্ঠ সিজন নাকি আলাদা কোনো স্পিন-অফ-সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি নেটফ্লিক্স। দর্শকদের আগ্রহ ধরে রাখতেই বিষয়টি গোপন রাখা হয়েছে বলে জানা গেছে।
এদিকে অনুষ্ঠানে আরও ঘোষণা দেওয়া হয়, বার্লিন-এর দ্বিতীয় সিজন চলতি বছরের ১৫ মে মুক্তি পাবে। নতুন সিজনে নাম ভূমিকায় থাকা পেদ্রো আলোনসোর পাশাপাশি দেখা যাবে মিশেল জেনার ও ত্রিস্তান উল্লোয়াকে।
গল্পে তারা মালাগার ডিউকের মুখোমুখি হবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ‘মানি হাইস্ট’ একটি স্প্যানিশ ভাষার হাইস্ট থ্রিলার সিরিজ। এতে ‘দ্য প্রফেসর’ নামে পরিচিত সার্জিও মারকিনা একদল অপরাধীকে নিয়ে বড় ধরনের ডাকাতির পরিকল্পনা করেন। বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া এই সিরিজ থেকেই তৈরি হয়েছে ‘বার্লিন’ স্পিন-অফ এবং মানি হাইস্ট: কোরিয়া – জয়েন্ট ইকোনমিক এরিয়া নামের কোরিয়ান রিমেক।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



